
আইপিএলের এলিমিনেটরে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন বৈভব সূর্যবংশী।
মাত্র ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১২টি ছক্কা।
এই ম্যাচের পর আইপিএল ও টি-টোয়েন্টি ক্রিকেটে একসঙ্গে ৯টি বড় রেকর্ড নিজের নামে লিখিয়েছেন বৈভব।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান
চলতি আইপিএলে এখন পর্যন্ত বৈভবের সংগ্রহ ৬৮০ রান।
এর মাধ্যমে বিশ্বের যেকোনো টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়েছেন তিনি।
এই প্রথম কোনো অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার এক মৌসুমে ৬০০ রানের গণ্ডি পার করলেন।
ঘরোয়া ক্রিকেটারদের রেকর্ড ভাঙলেন
ভারতীয় ঘরোয়া ক্রিকেটার হিসেবে এক আইপিএল মৌসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও এখন বৈভবের দখলে।
এর আগে এই রেকর্ড ছিল তাঁর সতীর্থ যশস্বী জয়সওয়ালের নামে, যিনি ২০২৩ সালে করেছিলেন ৬২৬ রান।
প্লে-অফে দ্রুততম অর্ধশতরান
হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৬ বলে ফিফটি পূর্ণ করেন বৈভব।
আইপিএলের প্লে-অফ ইতিহাসে এটি যুগ্ম দ্রুততম অর্ধশতরান। তিনি ছুঁয়ে ফেলেছেন সুরেশ রায়নার পুরোনো রেকর্ড।
ছক্কার নতুন ইতিহাস
চলতি মৌসুমে বৈভব ইতোমধ্যে ৬৫টি ছক্কা মেরেছেন।
এর ফলে এক আইপিএল মৌসুমে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তাঁর দখলে। এর আগে ২০১২ সালে ৫৯ ছক্কা মেরেছিলেন ক্রিস গেইল।
শুধু আইপিএল নয়, বিশ্বের সব টি-টোয়েন্টি লিগ মিলিয়েও এক মৌসুমে এত ছক্কা আগে কেউ মারতে পারেননি।
প্লে-অফে এক ইনিংসে সর্বাধিক ছক্কা
এই ম্যাচে ১২টি ছক্কা হাঁকিয়ে প্লে-অফের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও গড়েছেন বৈভব।
এর আগে ক্রিস গেইল এক ইনিংসে ১০টি ছক্কা মেরেছিলেন।
এক মৌসুমে তিনবার ১০-এর বেশি ছক্কা
বৈভবই প্রথম ক্রিকেটার যিনি এক আইপিএল মৌসুমে তিনটি আলাদা ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা মেরেছেন।
সব মিলিয়ে আইপিএল ক্যারিয়ারে চারবার এই কীর্তি গড়েছেন তিনি, যা ক্রিস গেইলের সমান।
পাওয়ার প্লে-তেও আধিপত্য
চলতি আইপিএলে পাওয়ার প্লের মধ্যে বৈভব করেছেন ৪৯০ রান।
এক মৌসুমে পাওয়ার প্লেতে এত রান আগে কোনো ব্যাটার করতে পারেননি।
এর পাশাপাশি হায়দরাবাদের বিরুদ্ধে পাওয়ার প্লের মধ্যেই তিনি ৮টি ছক্কা মারেন, যা আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড।