
সুপার ৮-এর গুরুত্বপূর্ণ দিন
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ গ্রুপ-১ আজ বড় মোড় নিতে পারে। চেন্নাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে চমক জাগানো জিম্বাবুয়ের। অন্যদিকে আহমেদাবাদে ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ লড়বে দিনের প্রথম ম্যাচে। এই দুই ম্যাচের ফল সেমিফাইনালের সমীকরণ নাটকীয়ভাবে বদলে দিতে পারে।
ভারত চাইবে দক্ষিণ আফ্রিকা জিতুক। তাহলে নিজেদের বাকি দুই ম্যাচ জিতলেই সেমিফাইনালের ভাগ্য অনেকটা নিজেদের হাতে থাকবে। বিপরীতে জিম্বাবুয়ে চাইবে ওয়েস্ট ইন্ডিজ জিতুক। তাহলে তাদের ঐতিহাসিক অভিযানের পথ আরও সুগম হবে।
নেট রানরেট ভয়াবহ নেমে গেছে
সুপার ৮-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে ভারতের নেট রানরেট ভয়াবহভাবে নেমে গেছে (–৩.৮০০)। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দু’দলই প্রথম ম্যাচ জিতেছে। আজ যদি প্রোটিয়ারা হোঁচট খায় তবে ভারতের সমীকরণ আরও কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে নিজেদের সব ম্যাচ জেতার পাশাপাশি জিম্বাবুয়ের কাছে দক্ষিণ আফ্রিকার হারও চাইতে হবে। যা পরিসংখ্যান অনুযায়ী খুবই অসম্ভব। যদিও অস্ট্রেলিয়া ও সহ-আয়োজক শ্রীলঙ্কাকে হারিয়ে জিম্বাবুয়ে ইতোমধ্যে চমক দেখিয়েছে।
ওপেনিং জুটি নিয়ে বড় দুশ্চিন্তা
ভারতের আরেকটি বড় দুশ্চিন্তা ওপেনিং জুটি। অভিষেক শর্মা টানা তিন ম্যাচে শূন্য এবং সর্বশেষ ম্যাচে ১২ বলে মাত্র ১৫ রান করে দলের ব্যাটিংকে দুর্বল করে দিয়েছেন। ব্যাটিং কোচ সিতাংশু কোটাক ইঙ্গিত দিয়েছেন পরিবর্তনের সম্ভাবনার দিকে।
ভারতের টপ ও মিডল অর্ডার মূলত বাঁহাতি ব্যাটসম্যান নির্ভর হওয়ায় প্রতিপক্ষ সহজেই কৌশল সাজাতে পারছে। পাকিস্তান, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা সবাই অফস্পিন দিয়ে ইনিংস শুরু করে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছে।
জিম্বাবুয়ের দলে অধিনায়ক সিকান্দার রাজা ও ব্রায়ান বেনেট থাকায় তারাও একই দুর্বলতা কাজে লাগাতে পারে। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচেই প্রথম ওভারে উইকেট হারিয়েছে ভারত।
সম্ভাব্য সমাধান হতে পারেন ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে নামানো। যদিও দল শেষ পর্যন্ত পরিবর্তন আনবে কি না তা এখনও নিশ্চিত নয়।
আজকের ম্যাচে জয় ছাড়া ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই।